গভীর নিম্নচাপের প্রভাবে সাগর থেকে রাজধানী— সারাদেশেই বৃষ্টি ঝড়ের আভাস

পর্যটন সংবাদ ডেস্ক: সাগরে বিরাজমান গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশেই বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢেকে যায়, সঙ্গে শুরু হয় টিপটিপ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই অবস্থা আরও তিন থেকে চার দিন চলতে পারে।

সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঢাকাসহ নয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

ঝড়ের ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো— ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। উপকূলীয় এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীতে শুক্রবার ছুটির দিনের কারণে যানবাহন স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম ছিল। তার ওপর দুর্গাপূজার ছুটিতে শহর এখন অনেকটাই ফাঁকা। তবে সকাল থেকে বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে।

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের প্রভাবে শুধু সাগর নয়, সারাদেশেই বিরূপ আবহাওয়া দেখা দিচ্ছে। ফলে অন্তত আরও কয়েকদিন ভ্রমণ কিংবা বাইরে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Read Previous

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকারদের দখলে

Read Next

খান জাহান আলীর স্মৃতিতে দাঁড়িয়ে থাকা ষাট গম্বুজ মসজিদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular