১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাস বহাল রাখল আপিল বিভাগ

পর্যটন সংবাদ ডেস্ক: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা পৃথক দুটি আপিল খারিজ করে এই রায় দেন।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। বিচারিক আদালত এসব মামলায় বিভিন্ন মেয়াদের সাজা দিলেও গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট সেই রায় বাতিল করে আসামিদের খালাস দেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করে, যা গত ১ জুন মঞ্জুর হয়। পরবর্তী সময়ে নিয়মিত আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে দীর্ঘ শুনানির পর আজ আপিল বিভাগ হাইকোর্টের খালাসের রায় বহাল রাখল।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মো. সায়েম ভূঞা ও সাদিয়া আফরিন। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।

Read Previous

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ: একদিনে নিহত ৭৩, হামাসের জরুরি হস্তক্ষেপের আহ্বান

Read Next

মোনালি ঠাকুর–মাইক রিচটার দাম্পত্যে ভাঙনের সুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular