১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে স্পন্সর ভিসার ক্লিক ডে ১ অক্টোবর, আগাম ফরম জমা চলছে জুলাইজুড়ে

প্রতীকী ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: ইতালিতে ২০২৫ সালের স্পন্সর ভিসার জন্য ‘ক্লিক ডে’ নির্ধারিত হয়েছে আগামী ১ অক্টোবর। এরইমধ্যে শুরু হয়েছে আগাম ফরম পূরণ কার্যক্রম, যা চলবে ৩১ জুলাই পর্যন্ত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে আবেদনপত্র পূরণ করে অনলাইনে জমা রাখা যাবে।

২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরের পরিকল্পনায় ইতালির সরকার যে ৪ লাখ ৫২ হাজার বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তার চূড়ান্ত পর্যায়ের কার্যক্রম এই ক্লিক ডে’র মাধ্যমে শেষ হতে যাচ্ছে।

এদিকে, ইমিগ্রেশন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সময়টিকে ঘিরে দালালচক্র সক্রিয় হয়ে উঠতে পারে। ফলে ভিসার আগ্রহীদের প্রতারণার হাত থেকে বাঁচতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, ইতালির বর্তমান সরকার ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত আরও পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। তারা বলছে, ক্ষমতাসীন জর্জিয়া মেলোনির সরকার একসময় বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নিলেও এখন তারা বিপরীত পথে হাঁটছে। এ নিয়ে ইতালির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার এবং বিরোধীদের দ্বন্দ্বের মধ্যেও স্পন্সর ভিসা নিয়ে আগ্রহীদের জন্য এটি একটি বড় সুযোগ হতে যাচ্ছে। তবে সচেতনতা এবং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Read Previous

কক্সবাজারে প্রথমবারের মতো ট্যুরিজম আর্কিটেকচার সামিট: পরিবেশবান্ধব পর্যটনে স্থপতিদের নতুন ভাবনা

Read Next

 মায়া বে: থাইল্যান্ডের স্বর্গসদৃশ সৈকত আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular