
পর্যটন সংবাদ ডেস্ক: আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ সেনা ও ৩৫ জন তালেবান সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাজাউর, দক্ষিণ ওয়াজিরিস্তান ও লোয়ার দির জেলায় তিন দফায় অভিযান চালানো হয়। বাজাউরের অভিযানে ২২ জন তালেবান নিহত হয়। দক্ষিণ ওয়াজিরিস্তানে আরও ১৩ জন বিদ্রোহীকে হত্যা করা হয়। তবে এই দুই জেলায় সেনাদেরও বড় ধরনের প্রাণহানি ঘটে। দক্ষিণ ওয়াজিরিস্তানে ১২ জন সেনা প্রাণ হারান। লোয়ার দিরে একটি জঙ্গি আস্তানা ঘিরে ধরার পর গোলাগুলিতে আরও সাত সেনা নিহত হন। ওই সংঘর্ষে ১০ বিদ্রোহীও প্রাণ হারায়।
অভিযানের পর টিটিপি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদ বলছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি। এজন্য কাবুলের তালেবান সরকারকে পাকিস্তান বারবার সতর্ক করছে যেন তাদের ভূখণ্ড সন্ত্রাসীদের আস্তানা না হয়।
পাকিস্তান সেনারা নিহত বিদ্রোহীদের ‘খোয়ারিজ’ বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ দাবি করেছে, এই হামলার পেছনে ভারতের মদদ রয়েছে। যদিও অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করা হয়নি। ভারত সব সময়ই এ ধরনের অভিযোগ অস্বীকার করে এসেছে।
এ ঘটনায় কাবুলের তালেবান সরকার কিংবা নয়াদিল্লির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



