
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের লোকসংগীতের কিংবদন্তি ফরিদা পারভীনের মরদেহ আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে এক ঘণ্টা রাখা হবে তার মরদেহ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ নিজ জন্মভূমি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে। শিল্পীর শেষ ইচ্ছে অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফরিদা পারভীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেয়া ফরিদা পারভীন ১৪ বছর বয়সেই সংগীতজীবনে পা রাখেন। ৫৫ বছরের দীর্ঘ সংগীত ভ্রমণে তিনি লালন গানের অপরাজিত কণ্ঠ হয়ে ওঠেন। ‘খাঁচার ভিতর অচিন পাখি’ কিংবা ‘বাড়ির কাছে আরশিনগর’-এর মতো অসংখ্য কালজয়ী গান তার কণ্ঠে শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী আসন গেঁথে দেয়।
শ্রোতারা ভালোবেসে তাকে ‘লালনকন্যা’ উপাধি দিয়েছিলেন।



