
পর্যটন সংবাদ ডেস্ক: রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’-এ অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চলতি মাসের ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেনিং গ্রাউন্ডে এ মহড়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ সদস্যের একটি বিশেষ কন্টিনজেন্ট এ মহড়ায় অংশ নেয়। মহড়ার প্রতিটি ধাপে সমন্বিত কৌশল, দ্রুত প্রতিক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে অংশ নেওয়া সেনাদের আধুনিক যুদ্ধকৌশল ও যৌথ অভিযান পরিচালনায় সক্ষমতা বাড়ানোর জন্য নানা কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ ছাড়াও এ মহড়ায় বন্ধুপ্রতিম কয়েকটি দেশের সেনাসদস্যরা অংশ নেয়। যৌথ এ অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সামরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।



