
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইটটি ২৫ আগস্ট রাত ২টা ৩০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের ৩০এ সিটে বসা যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফলকে গোয়েন্দারা নজরদারিতে নেন।
ইমিগ্রেশন শেষ করার পর যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে নিয়ে আসা হয়। স্ক্যানিং ও তল্লাশির সময় তার লাগেজে থাকা তিনটি প্লাস্টিকের জার থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়।
অভিযুক্ত নারী যাত্রীকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



