মার্শাল আইল্যান্ডে সংসদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নথি-আর্কাইভ পুড়ে ছাই

পর্যটন সংবাদ ডেস্ক: প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডের জাতীয় সংসদ ভবন ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে। সোমবার গভীর রাতের পরপরই হঠাৎ করে ভবনটিতে আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

স্থানীয় পুলিশ ও দমকল কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ ভবনের প্রায় অর্ধেক অংশ আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর বাকি অংশ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের গ্রন্থাগার, আর্কাইভ ও সমস্ত সরকারি নথি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখনো ধোঁয়া বের হচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিউজিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম আরএনজেড প্যাসিফিক জানিয়েছে, আগুন লাগার সময় কার্যত কোনো দমকল সুবিধা ছিল না। শুধুমাত্র বিমানবন্দরের একটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু তখন সবকিছু ধ্বংস হয়ে গেছে।

সৌভাগ্যবশত আগুন লাগার সময় সংসদ ভবনে কেউ উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রশাসনিক কাজকর্ম থমকে গেছে। বিকল্প ভবনে সংসদের কার্যক্রম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মার্শাল আইল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় ৪২ হাজার। এর অর্ধেকের বেশি মানুষ রাজধানী মজুরোতে বাস করেন। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি রয়েছে। পাশাপাশি তারা তাইওয়ানকে কূটনৈতিক স্বীকৃতি দিয়ে আসছে।

আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। দেশটিতে অগ্নিনির্বাপণ ও তদন্ত সক্ষমতা সীমিত হওয়ায় আগুনের সূত্র নির্ধারণে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সাংবাদিক গিফ জনসন সতর্ক করেছেন, সব নথি ও ডিজিটাল আর্কাইভ ধ্বংস হয়ে যাওয়ায় বহু গুরুত্বপূর্ণ তথ্য আর কখনো ফিরে পাওয়া যাবে না।

প্রশাসনিক কাঠামো সচল করতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

Read Previous

হযরত শাহজালালে বিদেশি নারীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন জব্দ

Read Next

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular