শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ সাক্ষ্যগ্রহণ শুরু করে। আজ চারজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হবে বলে নিশ্চিত করেছে প্রসিকিউশন।

এ মামলায় ইতোমধ্যে আট দিনে মোট ২৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে। সোমবার অষ্টম দিনে জবানবন্দি দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী, রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা, শহীদ মারুফ হোসেনের বাবা মোহাম্মদ ইদ্রিস, লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আমেনা আক্তার এবং শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের মা হোসনে আরা বেগম।

তাদের জবানবন্দিতে শেখ হাসিনা, কামালসহ দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ড দাবি করা হয়। পরে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের জেরা করেন।

এর আগে ২৪ আগস্ট সপ্তম দিনে সাক্ষ্য দেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলামসহ তিনজন। এছাড়া ২০ আগস্ট ষষ্ঠ দিনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান ও শহীদ মেহেদী হাসান জুনায়েদের মা সোনিয়া জামাল জবানবন্দি দেন।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। সাক্ষ্যগ্রহণের সময় কাঠগড়ায় তিনি উপস্থিত ছিলেন।

প্রসিকিউশনের আনা অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। ৮,৭৪৭ পৃষ্ঠার এ মামলার মধ্যে শহীদদের তালিকা রয়েছে ২,৭২৪ পৃষ্ঠায়। সাক্ষী হিসেবে রাখা হয়েছে মোট ৮১ জনকে।

গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এরপর থেকে ধাপে ধাপে সাক্ষ্যগ্রহণ চলছে।

Read Previous

মার্শাল আইল্যান্ডে সংসদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নথি-আর্কাইভ পুড়ে ছাই

Read Next

ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশি বংশোদ্ভূত জেনারেল শরীফুল খানকে শুভেচ্ছা জানিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular