লুহানস্কে ভয়াবহ সংঘাত, এক সপ্তাহে নিহত ৪ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা

পর্যটন সংবাদ ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার মাঝেই পূর্ব ইউক্রেনের লুহানস্ক প্রদেশে রক্তক্ষয়ী সংঘাত ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধু গত এক সপ্তাহেই সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ হাজার ৩৭৮ জন ইউক্রেনীয় সেনা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, কুপিয়ানস্ক–স্ভাতোভো–ক্রেমেন্নায়া এলাকায় রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এই সময়ে ইউক্রেনীয় সেনারা বিপুল ক্ষতির মুখে পড়ে। ধ্বংস হয়েছে তাদের ছয়টি ট্যাংক—এর মধ্যে তিনটি লিওপার্ড, ৫৫টি ফিল্ড আর্টিলারি, একটি মাল্টিপোল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস), ৪৯টি রেডিও ইলেকট্রনিক ও কাউন্টার ব্যাটারি ওয়ারফেয়ার স্টেশন, ৯৩টি গোলাবারুদ ও রসদের ডিপো এবং প্রায় ২৭০টি যুদ্ধযান।

তবে রুশ সেনাদের হতাহতের সংখ্যা বা তাদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সময়ে ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা লুহানস্কের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী ও সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক পাল্টা হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই দেশটির পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিঝঝিয়া ও খেরসন প্রদেশে সবচেয়ে বেশি লড়াই চলছে। এই চারটি প্রদেশ বর্তমানে রুশ দখলে, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতির লক্ষ্যে ইস্তাম্বুলে রাশিয়া–ইউক্রেন শান্তি সংলাপ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বন্দি বিনিময় ও কূটনৈতিক বৈঠকে কিছু অগ্রগতি হলেও মাঠপর্যায়ের ভয়াবহ সংঘর্ষ পরিস্থিতিকে জটিল করে তুলছে।

সূত্র: তাস

Read Previous

কোয়াবের নির্বাচনে বড় পরিবর্তন, সভাপতি প্রার্থী নান্নু-সেলিম শাহেদ

Read Next

হযরত শাহজালালে বিদেশি নারীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular