
পর্যটন সংবাদ ডেস্ক: মেক্সিকো সিটির জনবহুল এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইজতাপালাপা এলাকার এক ব্যস্ত সড়কে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেওয়ালে ধাক্কা খেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের অন্তত ৩০টি যানবাহনে।
ঘটনাস্থলেই ১০ জন মারা যান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ২১ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন, যাদের কয়েকজনের অবস্থা সংকটজনক। চিকিৎসা শেষে ৩৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতা এবং অতিরিক্ত গতিকে দায়ী করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে দেশটিতে আরও ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। হিডালগো রাজ্যের তলাহুয়েলিলপান শহরে পাইপলাইন ফেটে জ্বালানি লুটের সময় আগুন ধরে যায় এবং বিস্ফোরণে ১৩৭ জন নিহত হন।
সূত্র: রয়টার্স



