অনলাইন জুয়া ও প্রতারণায় কঠোর শাস্তি: সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫

পর্যটন সংবাদ ডেস্ক: অনলাইন জুয়া, প্রতারণা ও জালিয়াতি রোধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। নতুন আইনে এসব অপরাধে জড়িত ব্যক্তিকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার নিয়ম রাখা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

অধ্যাদেশ অনুযায়ী, সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে কোনো ওয়েবসাইট, অ্যাপ বা ডিভাইস তৈরি, পরিচালনা, খেলায় অংশগ্রহণ, সহায়তা কিংবা উৎসাহ প্রদান দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। একইভাবে ফেসবুক, ইউটিউব, টুইটার (এক্স), হোয়াটসঅ্যাপ, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বা প্রচার করাও অপরাধের অন্তর্ভুক্ত হবে।

অধ্যাদেশের ২০ ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে, এ ধরনের অপরাধে অনধিক দুই বছরের জেল বা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া যাবে।

সরকারি তথ্যবিবরণীতে আরও বলা হয়, অনলাইন জুয়া বন্ধে হাইকোর্ট বিভাগের বিশেষ নির্দেশনা রয়েছে। তাই জুয়া সংক্রান্ত যেকোনো কার্যক্রম, বিজ্ঞাপন বা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সাইবার সুরক্ষা নিশ্চিত ও অপরাধ দমন করতে অনলাইন জুয়ার সব গেটওয়ে, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, লিংক ও বিজ্ঞাপন জরুরি ভিত্তিতে বন্ধ বা ব্লক করার উদ্যোগও নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট সব ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতোমধ্যেই অবহিত করা হয়েছে।

Read Previous

ঢাকায় প্রথম সফরে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

Read Next

মেক্সিকো সিটিতে এলপিজি ট্যাংকার বিস্ফোরণ: নিহত ২৫, আহত অন্তত ৬০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular