
পর্যটন সংবাদ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত সোমবার (১৫ মার্চ রাতে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অতর্কিত পরিদর্শন করেছেন। গভীর রাতের এই আকস্মিক সফরে তিনি বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে বিমানবন্দরের চলমান কার্যক্রম, যাত্রী সেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
প্রতিমন্ত্রী যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের ভ্রমণ অভিজ্ঞতা, সম্মুখীন সমস্যা ও পরিষেবার মান সম্পর্কে জানতে চান। তিনি যাত্রী সেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, অবকাঠামো উন্নয়ন এবং পরিচালন ব্যবস্থার আধুনিকীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের উচ্চমানের সেবা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, যৌথ প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব করে তোলা সম্ভব হবে।
উল্লেখ্য, এর আগে রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমও একই বিমানবন্দরের অভ্যন্তরীণ ও ভিভিআইপি টার্মিনাল পরিদর্শন করে যাত্রী সেবা ও পরিচালন অবস্থা মূল্যায়ন করেছেন।



