সব প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে: পরিকল্পনা উপদেষ্টা

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে নেওয়া হবে। অনিয়ম ও অস্বচ্ছতা রোধের এই সিদ্ধান্ত আগামী সপ্তাহেই গেজেট আকারে প্রকাশ হবে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অনলাইনে টেন্ডার চালু হলে গুটিকয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য ভেঙে যাবে। কোনো প্রতিষ্ঠান আগে ঋণ খেলাপি হলে বা অনিয়মে জড়িত থাকলে তারা আর দরপত্রে যোগ্য বিবেচিত হবে না। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই কাজ দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ইতোমধ্যে নীরব বিপ্লব ঘটিয়েছে। স্বচ্ছতা আনার কারণে অনিয়ম বন্ধ হয়েছে। এখন অনেক কর্মকর্তা প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না।

এ সময় পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্প বাস্তবায়নে কৃষিজমি অধিগ্রহণ করা হবে না, বরং অব্যবহৃত খাস জমিই অগ্রাধিকার পাবে। এজন্য উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা সারা দেশে খাস জমির হিসাব বের করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবে।

সরকারি ক্রয় সংক্রান্ত আইনও চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রভাবশালী ব্যবসায়ীদের বাধা দেওয়ার সুযোগ ছিল না, কারণ অনেকে ইতোমধ্যেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতির কারণ খতিয়ে দেখতে সরকার আগামী সপ্তাহে বৈঠক করবে। পাশাপাশি এলডিসি উত্তরণের আগে সহজ শর্তে যতটা সম্ভব ঋণ নেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।

Read Previous

ওমরাহ থেকে রিজিকের ব্যাখ্যা দিলেন অভিনেতা থেকে ধর্মপ্রাণ তামিম মৃধা

Read Next

ইসলামী ব্যাংকের ৩৬৩ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি: এস আলম-নাবিল গ্রুপের মালিকসহ ৪৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular