ইসলামী ব্যাংকের ৩৬৩ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি: এস আলম-নাবিল গ্রুপের মালিকসহ ৪৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পর্যটন সংবাদ ডেস্ক: ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক মো. আমিনুল ইসলামসহ মোট ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আসামিদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি মো. আমিনুল ইসলাম, সোনালী ট্রেডার্সের পরিচালক শহিদুল আলম, সেঞ্চুরি ফ্লাওয়ার মিলসের এমডি মো. আরিফুল ইসলাম চৌধুরী, নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মামুন অর রশিদ এবং চেয়ারম্যান হারুন অর রশিদ। ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিনসহ একাধিক সাবেক ও বর্তমান পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও মামলায় আসামি হয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের অনুকূলে গুলশান শাখা থেকে ঋণের প্রস্তাব অনুমোদন করেন আসামিরা। পরস্পর যোগসাজশে জাল কাগজপত্র তৈরি করে মোট ৬৭০ কোটি টাকার ঋণ অনুমোদন হয়। এর মধ্যে ৩৬৩ কোটি টাকা বিতরণ দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা ছাড়াও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর আওতায় মামলা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে। নাবিল গ্রুপ এবং ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভিন্ন দুর্নীতির মামলার তদন্ত চলছে।

Read Previous

সব প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে: পরিকল্পনা উপদেষ্টা

Read Next

বিমানের পরিচালক মোমিনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular