
পর্যটন সংবাদ ডেস্ক : জনপ্রিয় অভিনেতা, ইউটিউবার ও গায়ক হিসেবে এক সময় আলোচনায় ছিলেন তামিম মৃধা। অভিনয় ছেড়ে এখন তিনি পুরোপুরি ধর্মকেন্দ্রিক জীবনের পথে হেঁটেছেন। রাখছেন দাঁড়ি, তৈরি করছেন ইসলামিক কনটেন্ট, আর সময় কাটাচ্ছেন ধর্মীয় কাজেই।
সম্প্রতি ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন তামিম। সেখান থেকে নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে তিনি রিজিক নিয়ে ভক্তদের কৌতূহলের জবাব দিয়েছেন।
তামিম লেখেন, অনেকেই তাকে জিজ্ঞেস করেন অভিনয় ছাড়ার পর তার রিজিকের অবস্থা কেমন। এর উত্তরে তিনি বলেন, “আমি ভাবি, রিজিক আসলে কি? ঘুমানো, জাগা, হাঁটা, কথা বলা, শান্তি পাওয়া, সন্তুষ্ট থাকতে পারা—এসবই তো রিজিক।”
তিনি আরও উল্লেখ করেন, “এই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি, নিজেকেও শান্তি দিতে পারছি। এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ।”
সবশেষে তামিম মৃধা দোয়া করে লেখেন, “আল্লাহ যেন আমাদের প্রত্যেককে অন্তত একবার এই জায়গায় আসার তৌফিক দান করেন। আমিন।”



