
পর্যটন সংবাদ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) নবনির্মিত অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সংশ্লিষ্টরা এটিকে বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নতুন স্বয়ংক্রিয় ও আধুনিক এই ব্যবস্থা আকাশপথকে আরও নিরাপদ ও দক্ষ করে তুলবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে বিমান চলাচল খাতকে উন্নীত করবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, ১৯৮০ সালে কুর্মিটোলায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের মাধ্যমে তিনি দেশের বিমান চলাচল খাতের ভিত্তি স্থাপন করেছিলেন।
আফরোজা খানম আরও জানান, সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক বিমান চলাচল কেন্দ্রে রূপান্তর করা। সকলের সহযোগিতায় এ লক্ষ্য অর্জিত হবে—ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন এটিএম সেন্টার ৩৫০ নটিক্যাল মাইল বিস্তৃত আকাশসীমার সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, থ্যালেসের ভাইস প্রেসিডেন্ট নিকোলাস বুভেরোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই উদ্বোধনের ফলে শাহজালাল বিমানবন্দরের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ আঞ্চলিক বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে বলে আশা করা হচ্ছে।


