ডাকসু ও হল সংসদ নির্বাচনে কঠোর আচরণবিধি কার্যকর


পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। তবে প্যানেল ঘোষণার পর থেকেই বিধি ভঙ্গ করে প্রার্থীদের প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন কঠোর নির্বাচনী আচরণবিধি জারি করেছে।

আচরণবিধি অনুযায়ী ছাত্রী প্রার্থীরা পাঠকক্ষ বাদে হলে অবস্থানরত শিক্ষার্থীদের রুম, বারান্দা, অতিথিকক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে প্রচারণা চালাতে পারবেন। অন্যদিকে, ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধু অডিটোরিয়াম বা অতিথিকক্ষে প্রচারণার সুযোগ পাবেন। অনাবাসিক বা অন্য হলের প্রার্থীরা প্রচারণায় নামলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

প্রজেকশন মিটিংয়ের ক্ষেত্রে প্রতিটি হলে একটি করে সভার অনুমতি দেওয়া হয়েছে। এর জন্য প্রার্থীকে অন্তত ২৪ ঘণ্টা আগে সময় ও তারিখ উল্লেখ করে হল প্রশাসনের অনুমতি নিতে হবে।

পোস্টার ও লিফলেট বিতরণেও থাকছে কঠোর নিয়ম। শুধুমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো যাবে। সেখানে প্রার্থীর নিজের সাদা-কালো ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা নিষিদ্ধ। ক্যাম্পাসের স্থাপনা, দেয়াল, গাছপালা বা খুঁটিতে পোস্টার লাগানো যাবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণার সামগ্রী নষ্ট করলে শাস্তির মুখে পড়তে হবে।

এছাড়া কোনো প্রার্থী বা তার সমর্থকরা দেয়াল বা যানবাহনে কালি, চুন বা কেমিক্যাল ব্যবহার করে কোনো লিখন বা চিত্রাঙ্কন করতে পারবে না।

আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন। মঙ্গলবার বেলা ১১টায় সিনেট হলে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকেও আচরণবিধি নিয়ে আলোচনা করেন তিনি।

Read Previous

ঢাকা অঞ্চলের খসড়া সীমানা নিয়ে ইসির দাবি-আপত্তি শুনানি শুরু

Read Next

গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যু হামলা: দ্রুতই যৌথ বাহিনীর ব্যবস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular