১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা সিটিতে টানা দ্বিতীয় দিনে বহুতল ভবন ধ্বংস, মানবিক সংকট তীব্র

পর্যটন সংবাদ ডেস্ক: গাজা সিটি আবারও ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি সেনাবাহিনী শহরের একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) লক্ষ্যবস্তু ছিল সুসি টাওয়ার। এর আগের দিন একইভাবে আল-রিমাল এলাকার মুশতাহা টাওয়ার মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ টাওয়ার ধসের ভিডিও প্রকাশ করে লিখেছেন, “আমরা এগিয়ে যাচ্ছি।” আইডিএফ দাবি করছে, সুসি টাওয়ার হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে হামাস এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হামলার আগে স্থানীয়দের দক্ষিণের আল-মাওয়াসি এলাকায় চলে যেতে লিফলেট ছড়ানো হয়। সেনাবাহিনীর দাবি, সেখানে আশ্রয়, চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা আছে। কিন্তু জাতিসংঘ বলছে, আল-মাওয়াসির শিবিরগুলো নিরাপদ নয়, আর দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলো আগেই অতিরিক্ত চাপের মুখে রয়েছে। কয়েকদিন আগেই সেখানে পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ড্রোন হামলায় পাঁচ শিশু নিহত হয়েছিল।

ইসরায়েল দাবি করছে তারা সাধারণ মানুষকে ক্ষতির বাইরে রাখতে সতর্কতা অবলম্বন করছে। আগাম সতর্কবার্তা দেওয়া ও নির্ভুল হামলার কথাও বলছে তারা। বিপরীতে ফিলিস্তিনি পক্ষ বলছে, ধ্বংস হওয়া এসব ভবনে যুদ্ধবিধ্বস্ত বহু পরিবার আশ্রয় নিয়েছিল। গাজার সিভিল ডিফেন্স সংস্থার অভিযোগ, ইসরায়েল পরিকল্পিতভাবে মানুষকে বাস্তুচ্যুত করছে।

স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, মাত্র এক মাসে গাজার অনেক এলাকা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এসব বহুতল ভবন শুধু আবাসিক ও বাণিজ্যিক স্থান নয়—১৯৯৩ সালের অসলো চুক্তির পর স্বাধীন রাষ্ট্রের স্বপ্নে গড়ে ওঠা গাজার ইতিহাসের অংশও ছিল।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখনো প্রায় ১০ লাখ মানুষ গাজা সিটিতে অবস্থান করছে। সংস্থাটি দুর্ভিক্ষ ঘোষণা করে সতর্ক করেছে, অভিযান অব্যাহত থাকলে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার নেবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালালে প্রায় ১,২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকেই ইসরায়েলের টানা অভিযান চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ পর্যন্ত ৬৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া অপুষ্টি ও অনাহারে মারা গেছে আরও ৩৬৭ জন।

Read Previous

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব আল হাসান

Read Next

দুদক উপপরিচালক মাহবুবুল আলম সাময়িক বরখাস্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular