ক্রিকেট ডেস্ক | পর্যটন সংবাদ: এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
বিশেষজ্ঞদের মূল্যায়নে তৈরি এই একাদশে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন সাকিব ও পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। দলটিতে ভারত থেকে সর্বাধিক চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন, আর আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন।
দলের ইনিংস শুরু করবেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তিন নম্বরে রয়েছেন ভারতের বিরাট কোহলি, চার নম্বরে সুর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে উইকেটরক্ষক ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। তার পরেই আছেন শহীদ আফ্রিদি।
স্পিন আক্রমণে আফগানিস্তানের রশিদ খান, আর পেস বিভাগে পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলকে।
এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ:
সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।
দ্বাদশ খেলোয়াড়: সাঈদ আজমল।



