
খাগড়াছড়ি প্রতিনিধি, পর্যটন সংবাদ: এক সপ্তাহের উত্তেজনা ও সহিংসতার পর খাগড়াছড়ি জেলায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আজ রোববার ভোর ৬টা থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় জারি থাকা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন।
গত ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ওই এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এর আগে একটি ধর্ষণ ঘটনা ও তা ঘিরে সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়লে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেয়।
শনিবার রাত পৌনে ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার ১৪৪ ধারা প্রত্যাহারের যৌথ আদেশ জারি করেন।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন অবরোধ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ২৮ সেপ্টেম্বর গুইমারায় আরও সহিংসতা ছড়িয়ে পড়ে, এতে তিনজন নিহত ও বহু মানুষ আহত হন। রামসু বাজারসহ শতাধিক দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
বর্তমানে খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: খাগড়াছড়ি জেলা প্রশাসন



