কাস্পিয়ান সাগরের টানাপোড়েন: বিলুপ্তির পথে বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত হ্রদ

র্যটন সংবাদ ডেস্ক: প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রতট, কৌশলগত অবস্থান ও সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের কারণে যুগের পর যুগ ধরে পর্যটকদের নজর কেড়েছে কাস্পিয়ান সাগর। কিন্তু সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে এই জলাশয়ের পানি হ্রাস পাওয়ায় এখন তা হারাতে বসেছে নিজের রূপ ও প্রাণ।

কাজাখস্তানের আকটাউ শহরের বাসিন্দারা জানাচ্ছেন, সাগরের পানি উপকূল থেকে ১০০ মিটার পর্যন্ত সরে গেছে। স্থানীয় পরিবেশবিদ আদিলবেক কোজিবাকভ বলেন, “এখন আর গবেষণার দরকার পড়ে না, চোখেই বোঝা যাচ্ছে কাস্পিয়ান সাগর শুকিয়ে যাচ্ছে।”

পর্যটনপ্রেমীদের কাছে আকর্ষণীয় এই সাগরটিকে ঘিরে গড়ে উঠেছে হোটেল, রিসোর্ট, জলক্রীড়া কেন্দ্র ও মাছধরা এলাকা। কিন্তু বিজ্ঞানীদের আশঙ্কা, এই হারে পানি কমতে থাকলে এই শতকের শেষ নাগাদ কাস্পিয়ান সাগরের পানি ১৮ মিটার পর্যন্ত নেমে যেতে পারে এবং হারাতে পারে প্রায় ৩৪ শতাংশ পৃষ্ঠভাগ। এতে ব্যাপক ক্ষতি হবে স্থানীয় বাস্তুতন্ত্র ও পর্যটনখাতের।

বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত হ্রদ হিসেবে পরিচিত কাস্পিয়ান সাগর ঘিরে রয়েছে রাশিয়া, কাজাখস্তান, ইরান, আজারবাইজান ও তুর্কমেনিস্তান। এটি শুধু একটি জলাশয় নয়, বরং ‘মিডল করিডোর’ নামে পরিচিত চীন-ইউরোপ বাণিজ্যপথ ও তেল-গ্যাসের ভাণ্ডার হিসেবেও এর বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে।

তবে একদিকে জলবায়ু পরিবর্তন, অন্যদিকে রাশিয়ার পানিনীতি ও নদী-শাসন প্রকল্প এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। গবেষকরা বলছেন, কাস্পিয়ান সাগরের মূল পানি উৎস রাশিয়ার ভলগা নদী, যেখান থেকে আসে ৮০-৮৫ শতাংশ পানি। কিন্তু ওই নদীতে ব্যাপক বাঁধ ও রিজার্ভার গড়ে তোলায় পানি প্রবাহ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। সেইসঙ্গে কৃষি ও শিল্পের অতিরিক্ত পানি ব্যবহারে পরিস্থিতি আরও সংকটাপন্ন।

প্রাকৃতিক সম্পদের ব্যবহারে নজরদারি না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক প্রাণীও। এক সময় কাস্পিয়ান অঞ্চলের গর্ব ছিল স্টারজন মাছ ও এর ক্যাভিয়ার। এখন সেটি প্রায় বিলুপ্তির পথে। স্টারজন ছাড়াও কাস্পিয়ান সীল এবং আরও বহু প্রজাতির আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে।

আরও একটি উদ্বেগজনক দিক হলো, সোভিয়েত আমলের তেলক্ষেত্রগুলো বর্তমানে বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে। স্থানীয় পরিবেশ আইনজীবীরা বলছেন, এসব চুক্তি এতটাই গোপন যে প্রকৃত পরিবেশগত ক্ষতির তথ্য জানাও অসম্ভব। এমনকি পরিবেশগত গবেষণাগুলোও অনেক সময় কোম্পানির স্বার্থ রক্ষায় পক্ষপাতদুষ্ট হতে পারে।

কাজাখস্তানে কাস্পিয়ান সাগর রক্ষায় চলছে নাগরিক উদ্যোগ। পরিবেশবিদ কোজিবাকভ স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের সঙ্গে কাজ করছেন এই বিপর্যয় মোকাবেলায়। তিনি বলেন, “এই সাগর শুধু গবেষকদের বিষয় নয়, এটি এখানকার প্রতিটি মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িত।”

বিশেষজ্ঞদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে কাস্পিয়ান সাগরের পরিণতি আরাল সাগরের মতো হতে পারে—যেটি গত শতকে সোভিয়েত পানিনীতির ফলে প্রায় সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল। আজ সেখানে কোনো পর্যটক যায় না, কেবল রয়ে গেছে মরুভূমি ও নিঃসঙ্গতা।

সত্যিই, যদি কাস্পিয়ান সাগর হারিয়ে যায়, তাহলে শুধু একটি প্রাকৃতিক জলাশয় নয়, হারিয়ে যাবে ইতিহাস, জীববৈচিত্র্য, এবং হাজারো মানুষের জীবিকা ও স্বপ্ন। এখনই সময়, প্রাকৃতিক পর্যটনের এই বিস্ময়কে রক্ষা করার।

Read Previous

ইরান-মার্কিন আলোচনায় নতুন সম্ভাবনা, পারমাণবিক শক্তি খাতে বিনিয়োগের প্রস্তা

Read Next

২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি: জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular