
পর্যটন সংবাদ ডেস্ক: দুদকের আবেদনের প্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এ আবেদন করেন এবং সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অভিযুক্ত অন্য দুইজন হলেন—গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান।
আবেদনে জানানো হয়, আসামিরা এএম ট্রেডিং নামে ভুয়া প্রতিষ্ঠান গড়ে জাল নথি ব্যবহার করে ব্যাংক ঋণের নামে ১০৪ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন। পরে সাইফুল আলম সেই অর্থ এস আলম সুপার এডিবল অয়েলের স্বার্থে রূপান্তর ও স্থানান্তর করেন, যার পরিমাণ প্রায় ৩৪০ কোটি টাকা।
দুদক জানায়, তদন্ত চলাকালে আসামিদের আটক করার চেষ্টা করা হলেও তারা বিদেশে পলাতক রয়েছেন। এ কারণে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি ইন্টারপোল রেড নোটিশের আবেদন করা হয়।
এর আগে গত জুলাই মাসে সাইফুল আলম, তার স্ত্রী ও সন্তানের নামে সিঙ্গাপুরের ৪০টি ব্যাংক হিসাব ও একাধিক বিমা পলিসি অবরুদ্ধের আদেশ দেন আদালত। এছাড়া আরও কয়েক দফায় তাদের নামে থাকা দেশে-বিদেশের ব্যাংক হিসাব জব্দ করা হয়, যেখানে শত কোটি টাকার বেশি অর্থ রয়েছে।



