
পর্যটন সংবাদ ডেস্ক: দেশে সারের কোনো সংকট নেই, তাই সারের দাম বাড়ানোর প্রশ্নই আসে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সার সরবরাহে ঘাটতি নেই। সম্ভাব্য সংকট মোকাবিলায় সার আমদানি এবং অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থায় বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করতে হলেও কৃষকের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হবে না। তবে সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি খাতের উৎপাদন পরিস্থিতি তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লাখ মেট্রিক টন বেশি ধান উৎপাদন হয়েছে। অন্যদিকে অতিরিক্ত আলু উৎপাদনের কারণে বাজারে দাম কমে গেছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার হিমাগার গেটে সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করেছে এবং কৃষকের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে।



