২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটির কাপ্তাই লেকে ‘গোলাপি’ হাতি শাবক! দেশে প্রথমবারের মতো বিরল রঙের হাতি দেখা

বাংলাদেশে প্রথমবারের মতো বিরল গোলাপি রঙের একটি হাতির শাবক দেখা গেছে রাঙামাটির বরকল উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায়। ১৩ জুন কাপ্তাই লেকে সাঁতরাতে থাকা একদল হাতির ভিডিও ধারণ করেন স্থানীয় ইআরটি (এলিফ্যান্ড রেসপন্স টিম) সদস্য মো. জাহাঙ্গীর। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সবার নজর কাড়ে গোলাপি রঙের এই ব্যতিক্রমী শাবকটি।

ভিডিওতে দেখা যায়, আট সদস্যের একটি হাতির দল পানিতে সাঁতরে লেক পার হচ্ছিল। দলের সবচেয়ে ছোট সদস্য, মাত্র দেড় থেকে দুই মাস বয়সী শাবকটির রং ছিল গোলাপি। এর আগে বাংলাদেশে এ ধরনের রঙের কোনো বন্য হাতির দেখা মেলেনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী গবেষক ড. মনিরুল এইচ খান বলেন, “শাবকটির গায়ের রঙ সম্ভবত জেনেটিক কারণে স্বাভাবিক থেকে ভিন্ন। চামড়ার রঞ্জক পদার্থের স্বল্পতার কারণেই এর গায়ের রং গোলাপি হতে পারে। বাংলাদেশে এই রঙের হাতি এই প্রথম দেখা গেল।”

হাতির দলের বাকি সদস্যদের মধ্যে পাঁচটি পূর্ণবয়স্ক, একটি কিশোর এবং আরও একটি শাবক রয়েছে। গোলাপি রঙের শাবকটিকে তার মায়ের পাশে ছায়ার মতো চলতে দেখা গেছে—কখনও পাহাড় বেয়ে ওঠা-নামা করছে, আবার কখনও লেক সাঁতরাচ্ছে। বৃষ্টিমুখর আষাঢ়ের প্রকৃতিতে এই দৃশ্য যেন প্রকৃতির নিজস্ব কোনো উপহার।

‘প্রথমে বুঝিনি শাবকটি এত ব্যতিক্রম’

ভিডিও ধারণকারী ইআরটি সদস্য জাহাঙ্গীর জানান, “প্রথমে সাধারণভাবেই ভিডিও করছিলাম। পরে ভিডিও দেখে বুঝতে পারি, শাবকটির রং অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা।”
স্থানীয় বন বিভাগের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, “এটি খুবই আশাব্যঞ্জক বিষয় যে হাতির সংখ্যা বাড়ছে। বরকল এলাকায় নতুন এই শাবকসহ এখন প্রায় ১৪টি হাতি রয়েছে।”

 

বাংলাদেশে হাতির জন্য আদর্শ এলাকা রাঙামাটি

বিশেষজ্ঞদের মতে, পার্বত্য রাঙামাটির কম জনবসতি, প্রচুর বনজ সম্পদ এবং পানির প্রাচুর্য হাতির টিকে থাকার জন্য একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে। অন্যদিকে শেরপুর অঞ্চলে মানুষের সঙ্গে হাতির দ্বন্দ্ব এখনো একটি বড় সমস্যা হয়ে রয়ে গেছে।

ড. মনিরুল খান বলেন, “মানুষ ও হাতির দ্বন্দ্ব হ্রাস করতে স্থানীয়দের সম্পৃক্ত করে সচেতনতা বাড়াতে হবে। বন জঙ্গল সংরক্ষণ এবং স্থানীয় উদ্ভিদ রোপণের মাধ্যমে হাতিদের জন্য নিরাপদ আবাস নিশ্চিত করা গেলে তারা এখানে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে।”

Read Previous

কাপ্তাই হ্রদের নিচে ঘুমিয়ে থাকা ইতিহাস: চাকমা রাজার রাজপ্রাসাদ

Read Next

বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত: আন্তর্জাতিক ফ্লাইট কমানো ও স্থগিত ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular