
পর্যটন সংবাদ ডেস্ক : রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে তারা ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে “নিরাপদ সড়ক চাই” ও “ঘাতক ট্রাক চালকের বিচার চাই” শ্লোগান দিতে দিতে ফার্মগেট মোড়ে অবস্থান নেয়। এতে সেখানকার সব যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তীব্র যানজট সৃষ্টি হয় তেজগাঁও, কারওয়ান বাজার ও বিজয় সরণি পর্যন্ত।
শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার (২২ অক্টোবর) তারা নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণভাবে ফার্মগেট সরকারি বিজ্ঞান কলেজের সামনে বিক্ষোভ করলেও প্রশাসনের কিছু কর্মকর্তার পক্ষ থেকে তাদের ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা আজ প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ অক্টোবর) ফার্মগেট সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে ট্রাকচাপায় সিফাত নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা শুধু সিফাতের ন্যায়বিচার আর নিরাপদ সড়ক চাই। প্রশাসন আমাদের ‘সন্ত্রাসী’ বলে অপমান করেছে—এই অন্যায়েরও বিচার চাই।”
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে।



