
পর্যটন সংবাদ ডেস্ক : বাংডাডলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের অতীত কর্মকাণ্ডে হওয়া ভুল ও ক্ষতির জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা ক্ষতির শিকার হয়ে থাকেন, আমি দলের পক্ষ থেকে তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাই। আমরা মানুষ, ভুল হতেই পারে। আজ পর্যন্ত আমরা কোনো ভুল করিনি—এমন দাবি করতে পারি না।”
তিনি স্বীকার করেন, “আমাদের ১০০টা সিদ্ধান্তের মধ্যে ৯৯টা সঠিক হলেও একটা ভুল সিদ্ধান্ত পুরো জাতির জন্য ক্ষতির কারণ হতে পারে। যদি আমার কোনো সিদ্ধান্তের কারণে জাতির ক্ষতি হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।”
সভায় জামায়াত আমির জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে—বিশেষ করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা নিয়ে—গণভোটের দাবি জানান।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।”
সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আশ্বাস দেন, “জামায়াত ক্ষমতায় এলে সংবিধান অনুযায়ী সংখ্যালঘুরা তাদের অধিকার নিয়ে নির্বিঘ্নে বসবাস করতে পারবেন।”
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি মত দেন, “আমরা ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। বন্ধুত্ব চাই, কিন্তু সেটি যেন সমমর্যাদার হয়।”
ডা. শফিকুর রহমানের এই বক্তব্যকে জামায়াতের রাজনৈতিক অবস্থান ও অতীতের দায় স্বীকারের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।



