
পর্যটন সংবাদ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে প্রকাশিত সতর্ক বার্তায় বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে এবং নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বুধবার বিকেলে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৯১৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৮০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর কারণে উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় সাগর উত্তাল রয়েছে।
ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্টদের জন্য সতর্কবার্তা হলো, আগামী কয়েকদিন সমুদ্র ভ্রমণ বা উপকূলমুখী যাত্রা এড়িয়ে চলা উত্তম। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ পরিকল্পনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।



