
পর্যটন সংবাদ ডেস্ক: সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেলো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি)। ভবন মালিককে লিখিত নোটিশ দিয়ে কর্তৃপক্ষ ভাড়া করা অফিস খালি করেছে।
গত ২৮ আগস্ট আইভিএসির ডেপুটি চিফ অপারেটিং অফিসারের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ১ অক্টোবরের মধ্যে সাতক্ষীরার ইটাগাছা এলাকার সংগ্রাম প্লাজায় অবস্থিত অফিসটি খালি করা হবে। পরিকল্পনা অনুযায়ী সময়মতো কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ভবনটির ম্যানেজার লক্ষীনাথ গাইন জানান, “এক মাস আগে আমাদের হাতে লিখিত নোটিশ আসে। তাতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সাতক্ষীরায় আর ভিসা অফিস থাকবে না।”
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও দুই মাস অফিসটি চালু ছিল। তবে পরে কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং অবশেষে তালাবদ্ধ অবস্থায় থেকে বন্ধ হয়ে যায় কেন্দ্রটি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় হাই কমিশন সাতক্ষীরার সংগ্রাম প্লাজার ফ্ল্যাট ভাড়া নিয়ে এ কার্যক্রম শুরু করেছিল। জেলার হাজারো মানুষ দীর্ঘদিন এ কেন্দ্রের মাধ্যমে ভারতে যাতায়াতের ভিসা আবেদন করে আসছিলেন।
কেন্দ্রটি বন্ধ হওয়ায় এখন সাতক্ষীরার আবেদনকারীদের যশোর বা খুলনার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওপর নির্ভর করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



