
পর্যটন সংবাদ ডেস্ক: মাত্র কয়েকদিন আগে বিরল রক্তিম চন্দ্রগ্রহণ উপভোগ করেছে বিশ্ববাসী। তার রেশ কাটতে না কাটতেই এবার আকাশে দেখা দেবে সূর্যগ্রহণ। আজ রোববার (২১ সেপ্টেম্বর) চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করায় এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটবে। এতে সূর্যের আলো কিছু সময়ের জন্য আংশিকভাবে আড়াল হয়ে যাবে।
বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে না। তবে টেলিভিশনের পর্দায় দর্শকরা ঘটনাটি উপভোগ করতে পারবেন।
কোথায় দেখা যাবে
অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের কিছু অঞ্চল থেকে সূর্যগ্রহণ সরাসরি চোখে দেখা সম্ভব হবে। বিশেষত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা এবং প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপে এটি স্পষ্টভাবে দেখা যাবে।
সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
- শুরু: রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ড
- সর্বোচ্চ গ্রহণ: রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ড
- শেষ: রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ড
পুরো গ্রহণ প্রায় ৪ ঘণ্টা স্থায়ী হবে।
খালি চোখে দেখা বিপজ্জনক
সূর্যগ্রহণের সময় সূর্যের আলো কম মনে হলেও এর অতিবেগুনি ও ইনফ্রারেড রশ্মি তখনও অত্যন্ত ক্ষতিকর থাকে। খালি চোখে বা সাধারণ সানগ্লাস দিয়ে সূর্যের দিকে তাকালে চোখের রেটিনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে স্থায়ী অন্ধত্বসহ দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি তৈরি হয়।
তাই বিশেষ সুরক্ষা চশমা ছাড়া খালি চোখে কখনোই সূর্যগ্রহণ দেখা উচিত নয়।



