
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: সিলেট নগরী ও আশপাশের এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মুহূর্তেই মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে নগরীর বিভিন্ন স্থানে মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে না, তবে দুর্বল ভবন বা ঝুঁকিপূর্ণ কাঠামোয় সামান্য ফাটল দেখা দিতে পারে।
সিলেট পর্যটননগরী হওয়ায় এ ধরনের প্রাকৃতিক কম্পন স্থানীয়দের পাশাপাশি ভ্রমণকারীদেরও মুহূর্তের জন্য আতঙ্কিত করে তোলে। তবে স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় কোনো অঘটন ঘটেনি।



