সাভারে আগামী মৌসুমে ইটভাটা চালু নিষিদ্ধ: রিজওয়ানা হাসান

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সাভার উপজেলায় ঘোষিত ডি-গ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের অংশ হিসেবে আগামী মৌসুমে কোনো ইটভাটা চালু করা যাবে না। আইন অমান্য করে ইটভাটা চালু হলে সংশ্লিষ্ট সব দপ্তরকে নিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

রিজওয়ানা হাসান বলেন, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইটভাটা মালিকদের অবশ্যই সহযোগিতা করতে হবে। একইসঙ্গে উন্মুক্তভাবে ময়লা পোড়ানো, অবৈধ সীসা-ভাট্টি চালানো এবং টায়ার পুড়িয়ে তেল প্রস্তুতকারী পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। প্রয়োজনে রাতেও এই অভিযান পরিচালিত হবে।

তিনি আরও জানান, নির্মাণসামগ্রী খোলা জায়গায় রাখা বা পরিবহনের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা এবং মালামাল জব্দ করবে। জনগণকে সচেতন করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশসহ নানা উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভার সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। এছাড়া ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হকসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Read Previous

আজ রাতেই আংশিক সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

Read Next

বাংলাদেশি পর্যটকদের জন্য মালির ট্যুরিস্ট ভিসা: বিস্তারিত নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular