পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসঙ্গে ডিনার করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি। স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক সিটিতে তাদের এই বৈঠক-সুলভ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফও।
রয়টার্স জানায়, সম্প্রতি দখলদার ইসরায়েলের বিমান হামলায় কাতারের এক সেনাসহ ছয়জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে যান আল-থানি। হামাসের নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হলেও তারা প্রাণে রক্ষা পান। বিষয়টি নিয়েই মূলত ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেন কাতারি প্রধানমন্ত্রী।
হোয়াইট হাউজও ডিনারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।
কাতারকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে। দেশটিতে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটি বিশ্বের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে পরিচিত। তবুও ইসরায়েলি হামলা সেখানে যুক্তরাষ্ট্র ও কাতার উভয়কেই অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা



