বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে টানা বৃষ্টির আভাস

পর্যটন সংবাদ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই প্রবণতা আগামী কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে। ফলে অন্তত পাঁচ দিন টানা বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে সরে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি বাড়ছে এবং ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে আকাশ মেঘলা ও গুমোট আবহাওয়া বিরাজ করবে।

ঢাকায় সারাদিন আংশিক থেকে পুরোপুরি মেঘলা আকাশ থাকতে পারে। থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের ব্যাখ্যায়, লঘুচাপ তৈরি হলে আশপাশ থেকে বাতাস নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায়। এতে বাতাসের আর্দ্রতা ও জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত বাড়ায়। বর্ষা মৌসুমে এ ধরনের পরিস্থিতি স্বাভাবিক, তবে কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় জনজীবন কিছুটা ব্যাহত হতে পারে।

গতকাল রাতে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

পর্যটন ও ভ্রমণ সংশ্লিষ্টদের জন্য আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ—ভ্রমণ পরিকল্পনায় বৃষ্টি ও দমকা হাওয়ার বিষয়টি মাথায় রাখা জরুরি। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Read Previous

জাকসু নির্বাচনের ভোটগণনা তৃতীয় দিনে গড়াল, শেষ হয়নি এখনো

Read Next

রাশিয়ার কামচাটকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular