
আন্তর্জাতিক ডেস্ক | পর্যটন সংবাদ: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে এখনো পর্যন্ত হামাস এ তথ্য নিশ্চিত করেনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার গাজার রাজধানী গাজা সিটির ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সেনারা। ছয়তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় টানা পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে সেনাবাহিনী (আইডিএফ) ও গোয়েন্দা সংস্থা শিন বেটকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি ছিল “ত্রুটিহীন অভিযান।”
আইডিএফ ও শিন বেটের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আবু উবাইদার অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়। আবু উবাইদা ছিলেন হামাসের অল্প কয়েকজন শীর্ষ নেতার একজন, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের ইসরায়েল হামলার সময় থেকেই সামরিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বোমা হামলার পর ভবনের ধ্বংসস্তূপে কোটি টাকার সমমূল্যের ডলার ছড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা এর কিছু সংগ্রহ করলেও পরে হামাস তা উদ্ধার করে।
গত শুক্রবার দেওয়া এক ভাষণে আবু উবাইদা ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বন্দি ইসরায়েলিদের ভাগ্য হবে হামাস যোদ্ধাদের মতোই। মুখে ফিলিস্তিনি কাপড় ঢাকা অবস্থায় দেওয়া তাঁর এসব বক্তব্য মধ্যপ্রাচ্যের বহু মানুষের কাছে প্রতীকী হয়ে উঠেছিল।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও সতর্ক করে বলেন, গাজায় অভিযান চলার সঙ্গে সঙ্গে আবু উবাইদার সহযোগীরাও টার্গেট হবে। এটি গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার চলমান পরিকল্পনারই অংশ।
অন্যদিকে হামাস অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে।



