
টাঙ্গাইল প্রতিনিধি | পর্যটন সংবাদ: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে টাঙ্গাইল জেলা থেকে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ৫০ জন প্রার্থী। আরও ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। মাত্র ১২০ টাকার পোস্টাল অর্ডার জমা দিয়ে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে নিয়োগ পাওয়ায় প্রার্থীদের মধ্যে আনন্দের জোয়ার নেমেছে।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে ফলাফল ঘোষণা করেন নিয়োগ কমিটির সভাপতি ও টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
চলতি বছরের জুনে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির পর টাঙ্গাইল থেকে আবেদন করেন ৩ হাজার ৩১২ জন প্রার্থী। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষার মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।
১০ আগস্ট শারীরিক মাপজোখ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ হন ১ হাজার ৫৫১ জন প্রার্থী। পরদিন শারীরিক সহনশীলতা পরীক্ষায় অংশ নেন তারা, যার মধ্যে ১ হাজার ২৫৪ জন লিখিত পরীক্ষার জন্য যোগ্য হন। এরপর লিখিত পরীক্ষায় অংশ নেন ৭৫৭ জন, কিন্তু চূড়ান্তভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র ৮৬ জন।
শেষ ধাপের মৌখিক পরীক্ষা শেষে ৫০ জনকে নিয়োগযোগ্য এবং ১০ জনকে অপেক্ষমাণ হিসেবে ঘোষণা করা হয়। ফল প্রকাশের সময় নির্বাচিত প্রার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।”
নির্বাচিত প্রার্থীরা জানান, দেশের সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তারা।



