
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে গেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার সকাল ১০টায় হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসকদের সঙ্গে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি জানান, হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।
সাখাওয়াত হোসেন বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছে, যারা সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
তিনি নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, এ ধরনের ঘৃণ্য হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে।
ঘটনাস্থলে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।



