
পর্যটন সংবাদ ডেস্ক: তরুণ সমাজকে তামাকের ক্ষতি থেকে দূরে রাখতে না পারলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি চিনি গ্রহণ নিয়ন্ত্রণে মানুষকে দ্রুত সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছেন।
বুধবার (২০ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে সুবিস্তৃত জনসচেতনতা এবং সব স্তরে স্বাস্থ্যবান্ধব নীতি গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং সব মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ নিলেই টেকসই সমাধান সম্ভব।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ঘোষণাপত্রে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপ বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। প্রধান উপদেষ্টা পাঁচটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের হাতে যৌথ ঘোষণাপত্র তুলে দেন।
বক্তারা জানান, ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত অসুখ ইতোমধ্যে দেশের জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এই ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যকর জীবনযাত্রায় উদ্বুদ্ধ করা এবং চিকিৎসা ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, “অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের বিষয় নয়, এটি জাতীয় উন্নয়নেও সরাসরি প্রভাব ফেলে। তাই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”



