
পর্যটন সংবাদ ডেস্ক: বিশ্ব হাতি দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর বন ভবনে আয়োজিত এক আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ইতিমধ্যে ১২টি হাতি মারা গেছে। হাতি রক্ষায় ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) সক্রিয় করার পাশাপাশি বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, হাতির সুরক্ষায় প্রাকৃতিক বন পুনরুদ্ধার ও অভয়াশ্রম নির্মাণে উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে হাতিকে ব্যবহার করে খেলা দেখিয়ে আয়ের প্রবণতা বন্ধ করতে হবে।
আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ এখনও রাজনৈতিক অগ্রাধিকার পায়নি। তারা মনে করেন, হাতির প্রকৃত সংখ্যা নির্ধারণ করা জরুরি, কারণ এক দশক পুরনো গবেষণার ওপর নির্ভর করে সংরক্ষণ কার্যকর হবে না। বিশেষজ্ঞরা হাতির প্রজনন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা এবং সীমান্তহীন ব্যবস্থাপনা প্রোটোকল দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।



