
পর্যটন সংবাদ ডেস্ক: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বন্ধ হওয়ার সময় গ্রাহকদের জমা টাকার বড় অংশই ফেরত দিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ।
২০২১ সালের অক্টোবরে ইভ্যালি কার্যক্রম বন্ধ হওয়ার সময় গ্রাহকদের জমা ছিল মোট ১৭ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা। এর মধ্যে এখন পর্যন্ত ২৪ হাজার ৬৩০ জন গ্রাহককে ফেরত দেওয়া হয়েছে প্রায় ১২ কোটি ৮৩ লাখ টাকা।
সরকারি নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ২০২৩ সালে ১ হাজার ৬৩১ জন গ্রাহককে ফেরত দেওয়া হয় ৬ কোটি ১৪ লাখ টাকা। পরের বছর, অর্থাৎ ২০২৪ সালে আরও ২২ হাজার ৯৯৯ জন গ্রাহককে কয়েক দফায় ফেরত দেওয়া হয়েছে ৬ কোটি ৬৮ লাখ টাকা।
এখনও নগদের কাছে ইভ্যালির গ্রাহকদের জমা রয়েছে প্রায় ৪ কোটি ৮৬ লাখ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্সবিষয়ক কারিগরি কমিটির নির্দেশনা অনুযায়ী এই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছে নগদ কর্তৃপক্ষ।
নগদের চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া বলেন, “আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ইভ্যালির গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কাজ করছি। মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। নগদের সিস্টেমে যে পরিমাণ অর্থ জমা আছে, তা ফেরত দিতে আমরা সবসময় প্রস্তুত।”



