বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক │ পর্যটন সংবাদ: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েকদিন বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক রোববার (১৭ আগস্ট) এক পূর্বাভাসে জানান, সোমবার সকাল থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী ও খুলনার কিছু এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

মঙ্গলবার (১৯ আগস্ট) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায়ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বুধবার (২০ আগস্ট) থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বেশির ভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হলে সাধারণত কয়েকদিনের জন্য টানা বৃষ্টি হয়। এতে নদী ও সাগরে পানি বৃদ্ধি, নৌ চলাচলে বিঘ্ন এবং পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে।

Read Previous

জেলেনস্কি শান্তি আলোচনার পথে সবচেয়ে বড় বাঁধা হতে পারেন: সাবেক রাশিয়ান গুপ্তচরের সতর্কবার্তা

Read Next

অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থনৈতিক সূচকে অগ্রগতি, কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular