
পর্যটন সংবাদ ডেস্ক: পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের এক বছরে কিছু অর্থনৈতিক সূচকে অগ্রগতি অর্জিত হলেও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা এখনো সম্ভব হয়নি। আগস্ট মাসের প্রকাশিত মাসিক অর্থনৈতিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, যুব বেকারত্ব, শহর-গ্রামের বৈষম্য, বহুমাত্রিক দারিদ্র্য এবং জলবায়ু ঝুঁকি এখনো দেশের বড় চ্যালেঞ্জ। অনেক সংস্কারই নির্বাচিত সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ওপর নির্ভর করবে। তবে অন্তর্বর্তী সরকার একটি কাঠামো তৈরি করে দিয়েছে, যার ওপর ভিত্তি করে ভবিষ্যতের সরকারগুলো এগিয়ে যেতে পারবে।
ডিজিটাল লেনদেনে প্রবৃদ্ধি
মোবাইল আর্থিক পরিষেবার (এমএফএস) লেনদেনে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বিশেষ করে বণিকদের অর্থপ্রদান ও বেতন বিতরণের ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে এমএফএস লেনদেন দাঁড়ায় ১৭,৮১২৭৯.২ মিলিয়ন টাকায়। একইসঙ্গে ই-কমার্স খাতেও প্রবৃদ্ধি লক্ষণীয়— ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে প্রায় ৬৪% প্রবৃদ্ধি হয়েছে।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ
টানা সাত মাসের মন্দার পর জুলাইয়ে মূল মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৫ শতাংশে। যদিও ২০২৪ সালের শুরুতে এ হার ছিল দুই অঙ্কের, বর্তমানে তা কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মুদ্রাস্ফীতি ৭ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে চালসহ কয়েকটি খাদ্যপণ্যের দাম এখনো বাজারে চাপ তৈরি করছে। জুলাই মাসে শুধু চালই খাদ্য মূল্যস্ফীতির ৫১.৫৫ শতাংশ অবদান রেখেছে।
রফতানি ও আমদানিতে গতি
রফতানি খাতে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে রফতানি আয় বাড়ছে। অন্যদিকে আমদানিও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, বিশেষ করে মূলধনী পণ্য আমদানি বৃদ্ধি পাচ্ছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনছে।
রেমিট্যান্সে উল্লম্ফন
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে পরিবারগুলোর আয়ে ইতিবাচক প্রভাব পড়ছে এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, ডিজিটাল লেনদেন ও রেমিট্যান্স প্রবৃদ্ধি ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তবে যুব বেকারত্ব, দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তার মতো মৌলিক চ্যালেঞ্জ সমাধান না হলে দীর্ঘমেয়াদে স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা কঠিন হবে।



