
নিজস্ব প্রতিবেদক।পর্যটন সংবাদ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জাতির জনক’ উপাধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলা কোনো ঐতিহাসিক সত্য নয়, বরং এটি আওয়ামী লীগের রাজনৈতিক হাতিয়ার।
‘বাংলাদেশের মালিক এ দেশের জনগণ’ শিরোনামে দেওয়া ওই পোস্টে নাহিদ লিখেছেন, স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও আত্মত্যাগ স্বীকারযোগ্য হলেও তার শাসনামলে ঘটে যাওয়া নানা ঘটনার দায়ও স্মরণ করতে হবে। তার অভিযোগ, মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল, ১৯৭২ সালের সংবিধান জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়, আর একদলীয় বাকশাল ব্যবস্থার মাধ্যমে স্বৈরশাসনের ভিত্তি গড়ে ওঠে।

নাহিদ ইসলামের দাবি, আওয়ামী লীগের রাজনীতির মূলে রয়েছে ‘মুজিব পূজা’ ও ‘মুক্তিযুদ্ধ পূজা’, যা জনগণকে বিভক্ত করে এবং ভিন্নমত দমনে ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, কয়েক দশক ধরে আওয়ামী লীগ দেশকে নিজেদের সম্পত্তি মনে করে শাসন করেছে এবং দুর্নীতি-দমনমূলক কর্মকাণ্ডে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করেছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ লেখেন, “এই জমিদারতন্ত্র ভেঙে গেছে। কোনো ব্যক্তি, পরিবার বা আদর্শ আর কখনোই জনগণের অধিকার হরণ করতে পারবে না।”
তিনি আরও অভিযোগ করেন, মুজিববাদ হলো বিভাজন, দমন, গুম-খুন, মানবাধিকার লঙ্ঘন ও জাতীয় সম্পদ বিদেশে পাচারের মতবাদ। তার ভাষায়, “মুজিববাদ একটি জীবন্ত বিপদ, যা পরাজিত করতে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
নাহিদ ইসলামের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে।



