দিল্লিতে হুমায়ুনের সমাধিতে ধস, পর্যটকসহ বহু মানুষ আটকা

পর্যটন সংবাদ ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিস্থলের একটি অংশ ধসে পড়েছে। এতে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজামউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে জানা গেছে, ধসের সময় অন্তত ১০ জন ভেতরে ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং বর্তমানে উদ্ধার অভিযান চলছে।

হুমায়ুনের সমাধি দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও ঐতিহাসিক স্থাপনা। ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করা মুঘল সম্রাট নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুনের মৃত্যুর পর ১৫৬৫ সালে তাঁর প্রথম স্ত্রী বেগা বেগম এ সমাধির নির্মাণ শুরু করেন। পারস্যের স্থপতি মীরক মির্জা গিয়াসের নকশায় নির্মিত এই সমাধিতে ব্যবহৃত হয়েছে লাল বেলেপাথর ও সাদা মার্বেল, যেখানে পারস্যের ‘চারবাগ’ বাগান বিন্যাসের সঙ্গে ভারতীয় স্থাপত্যকলার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়।

এটি ভারতের প্রথম বাগান-সমাধি এবং পরবর্তীতে মুঘল স্থাপত্যে গভীর প্রভাব ফেলে। এমনকি বিশ্ববিখ্যাত তাজমহল নির্মাণেও এই নকশা অনুপ্রেরণা জুগিয়েছিল। সমাধি প্রাঙ্গণে মুঘল রাজবংশের প্রায় ১৫০ জন সদস্যের কবর রয়েছে, যা একে ‘মুঘল রাজবংশের নেক্রোপলিস’ নামে পরিচিত করেছে। এর ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে ১৯৯৩ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়।

ধসের ঘটনায় এই ঐতিহ্যবাহী স্থাপনার নিরাপত্তা ও সংরক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পর্যটন ও প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণ ছাড়া এর মতো বিশ্ব ঐতিহ্য চরম ক্ষতির মুখে পড়তে পারে।

Read Previous

প্রধান উপদেষ্টা ইউনূস: রাজনীতিতে আসার ইচ্ছে নেই, ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন হবে

Read Next

জাতির জনক উপাধি নিয়ে নাহিদ ইসলামের বিতর্কিত মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular