
পর্যটন সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়ের মধ্যে ৪২ ধরনের ভাতা করমুক্ত ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস করযোগ্য আয়ের আওতায় থাকবে।
বৃহস্পতিবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি কর্মীদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হলেও কর্ম-সম্পর্কিত নির্দিষ্ট কিছু ভাতা ও ভ্রমণ সুবিধার ওপর কর দিতে হবে না।
করমুক্ত ভাতার তালিকায় রয়েছে— চিকিৎসা, নববর্ষ, বাড়িভাড়া, শ্রান্তি ও বিনোদন, শিক্ষাসহায়ক, কার্যভার, পাহাড়ি, ভ্রমণ, যাতায়াত, টিফিন, পোশাক, আপ্যায়ন, ধোলাই, বিশেষ, প্রেষণ, প্রশিক্ষণ প্রেষণ, জুডিশিয়াল, চৌকি, ডোমেস্টিক এইড, ঝুঁকি, অ্যাকটিং, মোটরসাইকেল, আর্মরার, নিঃশর্ত যাতায়াত, টেলিকম, ক্লিনার ও ড্রাইভার, মাউন্টেড পুলিশ, পিবিএক্স, সশস্ত্র শাখা, বিউগলার ও নার্সিং, দৈনিক/খোরাকি, ট্রাফিক, রেশন মানি, সীমান্ত, ব্যাটম্যান, ইন্সট্রাকশনাল, নিযুক্তি ও আউটফিট এবং গার্ড পুলিশ ভাতা।
এনবিআর জানায়, করযোগ্য আয় হিসেবে শুধু মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস ধরা হবে এবং আয়কর আইন অনুযায়ী এ অংশের ওপর নির্ধারিত হারে কর পরিশোধ করতে হবে।



