পর্যটন সংবাদ ডেস্ক: ১৫ আগস্ট (শুক্রবার) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮১ বছরে পা দিচ্ছেন। তবে অন্যান্য বছরের মতো এবারও দলীয় প্রধানের জন্মদিনে কেক কাটার অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এসব মাহফিলে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন ও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হবে।
ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শুক্রবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের এসব কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ১৯৯৩ সালে সার্কের প্রথম নারী চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করা খালেদা জিয়া ১৯৮২ সালে বিএনপির প্রাথমিক সদস্য হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আন্দোলন-সংগ্রাম ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।
সর্বশেষ গত ৬ আগস্ট রাষ্ট্রপতির সিদ্ধান্তে তার সাজা মওকুফ হয়, এর আগে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজনৈতিক কার্যক্রমে সরাসরি অংশ না নিলেও দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বজায় রেখেছেন।



