মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন অধ্যায়: ইসরায়েলের দিকে হুতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

পর্যটন সংবাদ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধাদের সাম্প্রতিক হামলা। মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয় একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সফলভাবে প্রতিহত করেছে বলে জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পরপরই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমও নিশ্চিত করেছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার (৪ আগস্ট) এক বিবৃতিতে জানান, তারা ইসরায়েলের তেল আবিব, আশকেলন ও হাইফা শহরের সামরিক স্থাপনাগুলোর উদ্দেশ্যে তিনটি ড্রোন পাঠিয়েছে।

ঘোষণার কিছু সময় পর গাজা উপত্যকা সংলগ্ন নেটজারিম অঞ্চল ও মিশর সীমান্তবর্তী এলাকায় বিপদ সংকেত (সাইরেন) বেজে ওঠে। পরে ইসরায়েল জানায়, একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে বাকি দুটি ড্রোনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

হামলার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড আশ্রয় নেওয়া এলাকাগুলোর বাসিন্দাদের পুনরায় ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে।

এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে, বিশেষত এমন এক সময়ে যখন অঞ্চলটিতে যুদ্ধবিরতির নানা প্রচেষ্টা চলমান।

Read Previous

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রমে একদিনের বিরতি

Read Next

ঢাকাসহ ছয় জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular