পর্যটন সংবাদ ডেস্ক: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম একদিনের জন্য স্থগিত থাকবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের নির্দেশনার আলোকে ৫ আগস্ট ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৬ আগস্ট (বুধবার) থেকে যথারীতি অনলাইন ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হবে।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ইতোমধ্যেই প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ২৫ জুলাই প্রকাশিত ওই নীতিমালা অনুযায়ী, ভর্তির জন্য অনলাইন আবেদন ৩০ জুলাই শুরু হয়ে চলবে ১১ আগস্ট পর্যন্ত।
চলতি বছর সরকারি ও বেসরকারি কলেজে মোট আসনের ৯৩ শতাংশ আসন সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বাকি ৭ শতাংশ সংরক্ষিত কোটা থাকবে— এর মধ্যে
- ৫%: মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য,
- ১%: শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য,
- ১%: অধীনস্থ দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সন্তানদের জন্য।
তবে সংরক্ষিত আসনে যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায়, সেক্ষেত্রে সাধারণ মেধা তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষা বোর্ড জানিয়েছে, সাময়িক এই বিরতি কোনোভাবে ভর্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না।



