
পর্যটন সংবাদ ডেস্ক: টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের সবগুলো গেট একে একে খুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৪ আগস্ট) রাত ১২টা ২ মিনিটে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ হ্রদের ১৬টি গেট (জলকপাট) খুলে দেয়, যার মাধ্যমে শুরু হয় পানি নিষ্কাশন।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
প্রকৌশলী আরও জানান, আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় গেট খোলার সিদ্ধান্ত থাকলেও হ্রদে পানির দ্রুত বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই রাতেই সব গেট খুলে দেওয়া হয়।
কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প সূত্রে জানা গেছে, পানি ছাড়ার আগমুহূর্তে হ্রদের পানি দাঁড়িয়েছিল ১০৮ দশমিক ৫ ফুটে, যেখানে বিপৎসীমা ধরা হয় ১০৮ ফুট। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।
এদিকে, জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সচল রয়েছে। বর্তমানে কেন্দ্রটির ৫টি ইউনিট চালু রয়েছে এবং প্রতিটি ইউনিট থেকে পানি প্রবাহিত হওয়ায় অতিরিক্ত আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে চলে যাচ্ছে।
পর্যটকদের জন্য এটি এক অনন্য প্রাকৃতিক দৃশ্যপট হয়ে উঠেছে। কাপ্তাই বাঁধের গেট খোলা ও পানির প্রবল স্রোতের দৃশ্য দেখতে ইতোমধ্যে স্থানীয়সহ আশপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় করছেন। বিশেষ করে যারা প্রাকৃতিক সৌন্দর্য ও জলবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম কাছ থেকে দেখতে চান, তাদের জন্য এটি এখনই দর্শনের মোক্ষম সময়।
তবে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, কাপ্তাই হ্রদ ও বাঁধ সংলগ্ন এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।



