১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য পর্যটন ও সম্মান নিয়ে বিতর্ক: বান্দরবান মন্তব্যের জন্য এনসিপি নেতার দুঃখ প্রকাশ

পর্যটন সংবাদ ডেস্ক: বান্দরবান সম্পর্কে অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২০ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন,
“সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যের রাঙামাটি থেকে… আমরা লড়াই করব সকল জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে; জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার। বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

সারজিস আলমের আগের মন্তব্যে পার্বত্য চট্টগ্রামের মানুষ ও পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তিনি বান্দরবানকে “শাস্তির জায়গা” হিসেবে উল্লেখ করায় অনেকেই পার্বত্য পর্যটন অঞ্চলকে অবমাননার শামিল মনে করেন।

এই ঘটনার প্রেক্ষিতে রোববার দুপুরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এক বিবৃতিতে সারজিস আলমকে “অবাঞ্ছিত” ঘোষণা করে এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। সংগঠনটি জানায়, বান্দরবান কেবল একটি জেলা নয়, এটি পার্বত্যবাসীর আবেগ, সংস্কৃতি ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত—এমন মন্তব্য তাদের মর্যাদায় আঘাত হেনেছে।

প্রসঙ্গত, বান্দরবান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন জেলা। নৈসর্গিক সৌন্দর্য, পাহাড়ি সংস্কৃতি ও বৈচিত্র্যময় জীবনধারা নিয়ে এই অঞ্চল দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়।

সারজিস আলমের এই দুঃখপ্রকাশ পার্বত্য অঞ্চলের প্রতি সম্মান প্রদর্শনের একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। তারা মনে করেন, এ ধরনের সংবেদনশীল বিষয়ে সতর্ক শব্দচয়নের মাধ্যমেই ভবিষ্যতে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা সম্ভব।

পর্যটন সংবাদ প্রতিবেদক

Read Previous

জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সেনাপ্রধান

Read Next

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানে পর্যটনের সম্ভাবনা, কিন্তু সরকারের উদাসীনতায় হতাশ স্থানীয়রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular